প্রদর্শনী দেখে প্রশংসায় বলিউড তারকারা

ভারতে পাঁচ শতাধিক সিনেমা হলে ‘মুজিব: একটি জাতির রূপকার’

Published: 29 October 2023 15:10

এর আগে বাংলাদেশের যৌথ প্রযোজনার আর কোনো সিনেমা ভারতের এত সংখ্যক প্রেক্ষাগৃহে একদিনে মুক্তি পায়নি।  যা রীতিমতো ইতিহাসই বটে

বাংলাদেশ তুমুল জনপ্রিয় হওয়ার পর শুক্রবার (২৭ অক্টোবর) ভারতের ৫০৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি ‘মুজিব: একটি জাতির রূপকার’।

এর আগে বাংলাদেশের যৌথ প্রযোজনার আর কোনো সিনেমা ভারতের এত সংখ্যক প্রেক্ষাগৃহে একদিনে মুক্তি পায়নি।  যা রীতিমতো ইতিহাসই বটে।

বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া। তিনি বলেন, ভারতের ১২ প্রদেশের ৫০৩টি হলে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি।

তিনি বলেন, মুম্বাইয়ে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর যথাক্রমে কলকাতায় ১০০টি ও দিল্লির ৭৫ হলে দেখা যাবে ছবিটি। ভারতের মোট ১২টি অঞ্চলে ছবিটি মুক্তি পেয়েছে।

এর আগে, সিনেমাটির মুক্তি উপলক্ষে ২৫ অক্টোবর মুম্বাইয়ে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমার থিয়েটার হলে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে হাজির হন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে এ প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এসেছিলেন সিনেমার সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।

বিশেষ প্রদর্শনীর পর আরিফিন শুভর প্রশংসা করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

প্রিমিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ‘মুজিব’ নির্মাতা শ্যাম বেনেগাল বলেছেন, ‘সত্যি বলতে এই সিনেমার নির্মাণকাজ আমি উপভোগ করেছি। আমি সম্মানিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা সিনেমাটি পছন্দ করেছেন।’

সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই সিনেমার অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বাস্তব জীবনের গল্প এবং এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটা উপহার বলা যেতে পারে সিনেমাকে। আমি মনে করি, এটা এমন এক গল্প যেটা পুরো জাতির সামনে আনা প্রয়োজন। সত্যিই এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।’

পর্দার ‘মুজিব’ অর্থাৎ আরিফিন শুভকে পেয়ে ঘিরে ধরেন সাংবাদিকরাও। সেখানে ঢাকার এই নায়ক বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের একটা জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখবো। আর এই যে ইতিহাস বা গল্প, এটা শুধু বাংলাদেশের না। ৪৭ থেকে ৫২ এবং এরপর ৭১ সাল; ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই দেশ মিলে পরষ্পরের জন্য কত কী করেছে।’

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমাটি। দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহে এর হল বেড়ে দাঁড়ায় ১৬৪-তে এবং মাল্টিপ্লেক্সে শো বাড়ে দ্বিগুণ।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব’ চলচ্চিত্রটি।

এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ; ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

Akhi Malek

Please share your comment:

Related