টাঙ্গাইলে টুকুর পক্ষে ধানের শীষের ভোট চাইবেন রাশেদ হাসান
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার রাশেদ হাসান।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন। বিশাল এই দোয়া মাহফিলের আয়োজন করে মাহমুদনগর ইউনিয়ন বিএনপি।
সম্মানিত অতিথির বক্তব্যে রাশেদ হাসান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তিনি টুকুকে মনোনয়ন দিয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু যোগ্য প্রার্থী। টুকু আমাদের নির্বাচনের সময় যেভাবে সহযোগিতা করেছিলেন, সেভাবেই আপনারা টুকুর পাশে থাকবেন এবং কাজ করবেন।
তিনি বলেন, টাঙ্গাইল-৫ আসনে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষের জয় হলেই দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমাদের পরিবার সুলতান সালাউদ্দিন টুকুকে সম্পূর্ণভাবে সমর্থন করে। এ সময় উপস্থিত সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া চান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান ছিলেন আধুনিক টাঙ্গাইলের রূপকার। টাঙ্গাইলের মানুষের উন্নয়নে তিনি আজীবন কাজ করেছেন।
চরাঞ্চলের মানুষের উদ্দেশে তিনি বলেন, মাহমুদুল হাসানের স্বপ্ন ছিল মাহমুদনগরের ব্রিজ নির্মাণ ও যমুনা নদীর তীরে বেড়িবাঁধ স্থাপন। জনগণের ভোটে দায়িত্ব পেলে এসব কাজ সম্পন্ন করাই হবে আমার প্রথম নৈতিক দায়িত্ব, পাশাপাশি তার রেখে যাওয়া সব অসমাপ্ত কাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম শিকদার।
এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজির সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Akhi Malek

Please share your comment: