বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আমজাদ হোসেন
সোমবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস এ তথ্য জানিয়েছে
পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো. আমজাদ হোসেন খাঁন। কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার (৯ জুলাই) তাকে পদোন্নতি দিয়েছে।
পদোন্নতির আগে তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ে আইন বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস এ তথ্য জানিয়েছে।
আমজাদ হোসেন খাঁন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে জেএআইবিবি ও ডিএআইবিবি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন এবং আইবিবি’র নিয়মিত পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা ও বরিশাল অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগসহ প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেন মো. আমজাদ হোসেন খাঁন। তিনি রোটারিয়ান পল হেরিস ফেলো (পিএইচএফ)। এছাড়া, তিনি সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।
মো. আমজাদ হোসেন খাঁন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, যশোরের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
Akhi Malek

Please share your comment: